দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকায় একটি বাসা থেকে নূরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে তার সন্তানদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃত নারীর এক ছেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং মেয়ে স্থানীয় একটি স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত। ঘটনার পর ওই যুগ্ম সচিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (৩ জুন) জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, দেশে পিতা-মাতার ভরণপোষণ আইন রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, বাসার ভেতরের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও নোংরা। মরদেহ উদ্ধারের সময় তাতে পোকার উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন পল্লবী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে অমানবিক বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, একজন প্রবীণ নারী এমন অবস্থায় মারা যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উল্লেখ, ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী, প্রত্যেক সন্তানকে তার পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে হবে। একাধিক সন্তান থাকলে তারা পারস্পরিক আলোচনা করে দায়িত্ব ভাগ করে নেবেন এবং নিয়মিত খোঁজখবর, চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করবেন। এই আইন অমান্য করলে সর্বোচ্চ এক লাখ টাকা অর্থদণ্ড বা অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।
জে আই